চীনে বন্ধ হলো সিগন্যাল

১৭ মার্চ, ২০২১ ০১:৫৯  
পশ্চিমা সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে সর্বশেষ চীনে চালু ছিলো সিগন্যাল। তবে সেটিও বন্ধ হলো। টেকক্রাঞ্চ ও রয়টার্সের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এনগ্যাজেট। এনক্রিপটেড অ্যাপটি গোপনীয়তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করার কারণে সংবাদকর্মীসহ অন্যান্যদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে মঙ্গলবার সকাল থেকেই চীনে অ্যাপটি ব্যবহার করা যাচ্ছে না। এছাড়া ১৫ মার্চ ব্লক করা হয়েছে সিগন্যালের ওয়েবসাইটও। টেকক্রাঞ্চ জানিয়েছে, অ্যাপলের চীনা অ্যাপ স্টোর থেকে এখনও সিগন্যাল অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে। ফলে অ্যাপটি সরিয়ে ফেলতে সরকার কর্তৃক অ্যাপলকে কোনো নির্দেশনা দেয়া হয়নি বলে মনে করা হচ্ছে। যদিও ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) দিয়ে অ্যাপটি ব্যবহার করা যাচ্ছে। চীনে পাঁচ লাখের অধিকবার অ্যাপটি ডাউনলোড করা হয়েছে। এক দশমিক এক বিলিয়ন ব্যবহারকারী সম্বলিত চীনের প্রধান মেসেজিং অ্যাপ উইচ্যাটের তুলনায় সংখ্যাটি ক্ষুদ্র হলেও চীনের কঠোর ইন্টারনেট আইনের কারণে এই সংখ্যাটিকে বেশ বড় মনে করা হয়। দেশটির সরকার জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে বছরের পর বছর ব্লক করে রেখেছে। ডিবিটেক/বিএমটি